‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রগতিশীল ধারায় সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার ৩০০ ফিট এলাকায় অবস্থিত মিন্টু ভাই শুটিং হাউজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা প্রয়াত গুণীজনদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেকড় কালচারাল ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ শাকিল। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সদস্য সচিব রিয়াজুল রিজু।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সৈয়দ শাকিলকে আহ্বায়ক এবং রিয়াজুল রিজুকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট ৯০ দিনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ সময় শুভেচ্ছা বক্তব্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন মোজাম্মেল হক খান, শাহেদ শরীফ খান, জাহিদুল ইসলাম মিন্টু, কাজী রিয়াজ হোসেন, আনোয়ার টুলু, সৈয়দ হাসান জুন্নুরাইন, আশরাফুল আলম বাবলু, তুষার মাহমুদ, আমিনুল বাবু, এম. এ. হোসেইন মঞ্জু এবং ইভানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাউল গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করা হয়।
ফাউন্ডেশনের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’ দেশের সুস্থ সাংস্কৃতিক চর্চা, জাতীয় মূল্যবোধ এবং সৃজনশীল সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা/রাহাত/জান্নাত
হামে আরো ৪ শিশুর মৃত্যু