ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুক্ত হলো ময়মনসিংহ

সনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ১৫ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্ত হলো ময়মনসিংহ

মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ, ময়মনসিংহ

আবু সালেহ মো. মূসা
ময়মনসিংহ, ১৫ ডিসেম্বর: ১৯৭১ সাল। মে মাসের ২২ তারিখ। এদিনেই পাক বর্বর বাহিনীর হাতে আবদ্ধ হয় ময়মনসিংহ।

শহরের এক প্রান্ত কৃষি বিশ্ববিদ্যালয় জুড়ে বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠে পাকিস্তানি সেনাদের ক্যাম্প। এই ক্যাম্প থেকেই সমগ্র এলাকা জুড়ে পরিচালিত হতো পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরদের সমন্বিত নৃশংসতা।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে। দেশের সমস্ত প্রান্তর জুড়ে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর বাঁধ ভাঙ্গা জোয়ার। সেই জোয়ারের ঢেউ এসে লাগে হালুয়াঘাট, সরচাপুর, ফুলপুর, শ্যামগঞ্জ, পিয়ারপুর প্রভৃতি এলাকায়।

এ সময় পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের পিছু হটার পালা শুরু হয়। একই সাথে আটকে পড়া ময়মনসিংহের হাজারো মানুষ তখন অপেক্ষমান মুক্তির জন্য।

জাতীয়ভাবে বিজয়ের উষ্ণ পরশ দেশব্যাপী লেগেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এর পাঁচ দিন আগে সমস্ত ময়মনসিংহ জেলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।

দিনটি ছিল ১০ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বারুদের গন্ধ থেকে মুক্তির স্বচ্ছ বাতাসে নিঃশ্বাস নিয়েছিল ময়মনসিংহ জেলাবাসী।

সে দিনেই ময়মনসিংহ সদর আসনের এমপি অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর তৎকালীন ব্রিগেডিয়ার সনৎ শিং বাবাজীর নেতৃত্বে মিত্র বাহিনীর সম্মিলিত দল বিজয় পতাকা উড়িয়ে প্রবেশ করেন মুক্ত ময়মনসিংহ জেলা সদরে।

ময়মনসিংহবাসী মুক্তির পতাকাকে স্বাগত জানান। বিজয়ের মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে মুক্তি পাগল জনতার ঢল, বিজয়ের বাঁশি হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত ময়মনসিংহ শহরে প্রবেশ করেই সার্কিট হাউজ প্রাঙ্গণে উত্তোলন করেন রক্ত ভেজা মানচিত্র আঁকা সবুজ পতাকা।

ময়মনসিংহ মুক্ত হওয়ার পর দিন ১১ ডিসেম্বর রফিক উদ্দিন ভুইয়ার নেতৃত্বে একটি দল ময়মনসিংহ শহরে এসে পৌঁছেন।

মুক্তিপাগল মানুষ আর সহস্র মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত উল্লাসে সেদিন প্রকম্পিত ছিল ময়মনসিংহ।


রাইজিংবিডি / সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়