চট্টগ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে স্কুলছাত্রীর ধর্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক স্কুলছাত্রীর ধর্ষক।
৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত’র নাম সাইফুল ইসলাম (২৭) । পুলিশ এই ধর্ষককে বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ সোমবার ভোরে অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। এসময় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় এই ধর্ষক।
চট্টগ্রাম র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাসকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক সাইফুল নবম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এই ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হলে পুলিশ কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়, তবে সাইফুলকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পরপরই সাইফুল পালিয়ে যায়। আজ সোমবার ভোররাতের দিকে আমিরাবাদ এলাকায় সাইফুলের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-এর একটি দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ও তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এই সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে র্যাব ধর্ষক সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে।
রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ এপ্রিল ২০১৯/রেজাউল/টিপু
রাইজিংবিডি.কম