বাসের ধাক্কায় বাস মালিক-চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার সীমান্তবর্তী এলাকা কবিরপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিকল হওয়া বাসের পিছনে অপর একটি বাসের ধাক্কায় বাস মালিকসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বিকল হওয়া বাসের মালিক পাবনার বেড়া থানা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল (৩৩) ও চালক জাহাঙ্গীর আলম (৩২)। জাহাঙ্গীরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো. মুজিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ঢাকাগামী আহাদ পরিবহনের একটি বাস কবিরপুর এলাকায় রাতে বিকল হয়ে যায়। বিকল বাসটি মালিক-চালকসহ কয়েজন অন্য একটি গাড়ির সাহায্যে অন্যত্র নেয়ার কাজ করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে এসআর পরিবহনের একটি বাস বিকল বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসের মধ্যে চাপা পড়ে জলিল ও জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত এবং অপর পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
রাইজিংবিডি/গাজীপুর/২৯ আগস্ট ২০১৯/হাসমত আলী/বুলাকী
রাইজিংবিডি.কম