চেয়ারম্যানের গরুর খামার বলে কথা!
সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইউপি চেয়ারম্যানের গরুর খামারের বর্জ্যে বন্ধ হয়ে গেছে পথ চলাচল, দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশ- তবু কারো মুখে কোন অভিযোগ নেই।
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলামের গো-খামারের বর্জ্যে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশে বসবাসকারী পরিবারগুলো। বর্জ্যের দখলে এসব পরিবারের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তা। দুর্গন্ধে নিজেদের বসতবাড়িতেও বাস করতে পারছেন না তারা।
এমন অসহনীয় দুর্ভোগের মধ্যে জীবনযাপনের পরও এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তথ্য দিতেও শঙ্কা বোধ করছেন তারা।
সরজমিন জানা যায়, সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় চেয়ারম্যান নবীদুল ইসলাম তার পৈত্রিক বাড়ির পিছনে গড়ে তুলেছেন এই গো-খামার। এই খামারের পিছনে বসবাস করছেন অন্তত: ২০টি পরিবার। এসব পরিবারের শতাধিক মানুষকে খামারের পাশের কাঁচা রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়। খামার থেকে নির্গত বর্জ্যে বর্তমানে ওই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও বর্জ্যের দূর্গন্ধের কারণে আশপাশের পরিবারের লোকজনগুলো অসহনীয় দূর্ভোগের মধ্যে জীবনযাপন করছে।
ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বছর দেড়েক আগে চেয়ারম্যান তার বাড়ির পিছনে গরুর খামারটি গড়েন। খামারে এখন উন্নত জাতের ১৫টি গরু রয়েছে। খামারের বর্জ্যে পাশের রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে এলাকায় বসবাসকারী ছাত্র/ছাত্রীসহ শতাধিক মানুষকে অন্য বাড়ির উপর দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। তাদের আত্মীয়-স্বজনারাও এমন অবস্থার কারণে বেড়াতে আসতে চায় না। চেয়ারম্যানকে জানানোর পর সে তাদেরকে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেছে। ফলে তারা খুবই ভয়ে দিন পার করছেন।
জানা যায়, এরআগে সাংবাদিকদের কাছে তথ্য দেয়ার কারণে তার প্রতিবেশী মামুনের মুদি দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
একজন বলেন, ‘আপনাদের সাথে কথা বলছি জানলেও তার বাহিনীর লোকজন এসে আমাদের উপর চড়াও হবে। আমরাতো নিরূপায়। সহ্য করা ছাড়া আমাদের কিছু করার নেই।’
এ বিষয়ে চেয়ারম্যান নবীদুল ইসলামের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। তবে, স্থানীয়রা জানিয়েছেন চেয়ারম্যান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এ বিষয়টি অবগত করার পর সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, শিগগিরই সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/টিপু
রাইজিংবিডি.কম