বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার হোতা যুবলীগ নেতা আনছুর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজী মোহাম্মদ মতিউল ইসলাম।
গ্রেপ্তার আনছুর আলম চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত মনির উল্লাহর ছেলে। তিনি ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
তার বিরুদ্ধে এলাকায় ডাকাতি, চাঁদাবাজী ও জবরদখলসহ নানা অভিযোগে চকরিয়া থানায় ১২টির বেশি মামলা রয়েছে। এবং এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি এহাজারভূক্ত ২ নম্বর আসামি।
এছাড়া, ঘটনার পরপরই আনছুর আলমকে যুবলীগ স্থায়ীভাবে বহিষ্কার করে।
নির্যাতনের শিকার বৃদ্ধ নুরুল আলম (৭১) ঢেমুশিয়া ইউনিয়নের মৃত আলী মিয়ার ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজী মোহাম্মদ মতিউল ইসলাম জানান, বুধবার দুপুরে সাইটমারা এলাকার এক বাড়িতে আনছুর আলম আত্মগোপনে থাকার খবরে চকরিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনছুর দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আরো জানান, বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতনের ঘটনায় গত ৩১ মে তার ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এতে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়। পরে ঘটনাটি তদন্তের পর গত ৩ জুন মামলাটি নথিভূক্ত হয়। এবং সেদিনই চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ বেলাল, কায়ছার উদ্দিন ও মোহাম্মদ ফারুক নামের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া, মামলার এজাহারভূক্ত আসামিদের পাশাপাশি ভিডিও চিত্রটি দেখে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে, ওয়ার্ড যুবলীগ নেতা আনছুর আলম একজন সুযোগ সন্ধানী এবং সংগঠনে অনুপ্রবেশকারী উল্লেখ করে চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি কাউছার উদ্দিন কছির জানান, আনছুরের বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংগঠনের দায়িত্বশীলরা তার অপকর্ম সম্পর্কে আগে অবহিত ছিলেন না। ঘটনাটি শোনার পরপরই আনছুরকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে ঈদের আগের দিন বিকালে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় ওই বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন চালায় আনছুর আলম নামে স্থানীয় এক যুবলীগ নেতা।
পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়। ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ও গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়। সেসময় ওই বৃদ্ধকে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
** বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
** বৃদ্ধকে বিবস্ত্র করে পেটালেন যুবলীগ নেতা (ভিডিও)
রুবেল/বুলাকী
রাইজিংবিডি.কম
রাজধানীর ৪ আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর