ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৬ এপ্রিল ২০২১  
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গোপালগঞ্জে দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান পাভেল (২৩) নামে এক যুবক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

রোববার (২৫ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মোস্তাফিজুর রহমান পাভেল কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের মফিজুর রহমানে ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ জানান, মোস্তাফিজুর রহমান পাভেল মোটরসাইকেলে তার ভাই সোহেলরানাকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় বোনের বাড়ি যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাভেল মারা যান। তার ভাই সোহেলরানাও মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

অপর দিকে, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়