সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাপের ধাওয়া খেয়েছিলাম
বেলাল রিজভী, মাদারীপুর || রাইজিংবিডি.কম
দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ৮ বছর অতিক্রম করেছে। রাইজিংবিডি পেশাদারিত্বের সঙ্গে এই ৮ বছর সংবাদ পরিবেশন করেছে। আমি গর্বিত শুরু থেকেই রাইজিংবিডির সঙ্গে আছি।
গত ৮ বছর আমরা দু’জন সহকর্মীকে হারিয়েছি। সন্তোষ মণ্ডল এবং রিশিত খান। দু’জনের আত্মার শান্তি কামনা করছি। রাইজিংবিডির জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আজ তার ভেতর থেকে একটি ঘটনা তুলে ধরব।
বেশ কয়েক বছর আগে রাইজিংবিডি থেকে সনি ভাই অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন জমিদার বাড়ির ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন করতে। সে উদ্দেশ্যেই মাদারীপুরের বিভিন্ন জমিদার বাড়ির ছবি তুলে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছিলাম। কিন্তু বিপত্তি বাধে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া জমিদার বাড়িতে গিয়ে। এই জমিদার বাড়ির আরেক নাম রাজারাম রায়ের জমিদার বাড়ি।
ঝোপঝাড়বেষ্টিত জমিদার বাড়ি। আশপাশে জনমানব শূন্য। সময়টা শীতকাল। বিকাল বেলা। জমিদার বাড়ির দালান কোঠা, শান বাঁধানো ঘাট, বাগান বাড়ি, পূজা মণ্ডপ। দালানের গায়ে বিভিন্ন কারুকাজ। দেখে বিমোহিত আমি। অনেকগুলো ছবি তুলেছি। হঠাৎ অনুভব করলাম পায়ের সঙ্গে কিছু একটা পেঁচিয়ে আছে। পায়ের দিকে তাকিয়ে দেখি একটি জ্যান্ত সাপ! সঙ্গে এক সহকর্মী ছিলেন, তিনি দৌড়ে পালালেন। আমি কোনোমতে পা থেকে সাপ ছাড়িয়ে ভয়ে লাফিয়ে উঠে পড়লাম এক গাছে।
এই জমিদার বাড়ি নিয়ে লেখা প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল রাইজিংবিডিতে। উইকিপিডিয়া এই জমিদার বাড়ির ইতিহাস লিখতে গিয়ে সূত্র হিসেবে ব্যবহার করেছে রাইজিংবিডির আমার প্রতিবেদন। এটা বড় প্রাপ্তি। এখনও কোথাও সংবাদ সংগ্রহে গেলে এই স্মৃতি মনে পড়ে।
বেলাল/বুলাকী