ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাবি পূরণ না হলে কাজে যোগ দেবেন না চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৯ এপ্রিল ২০২১  
দাবি পূরণ না হলে কাজে যোগ দেবেন না চমেকের ইন্টার্ন চিকিৎসকরা

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন না বলে মানববন্ধন কর্মসূচিতে ঘোষণা দিয়েছে চমেক ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন।

চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান বলেন, ‘বার বার ইন্টার্নি চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবারই আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু দাবি বাস্তবায়ন করা হয়নি।’

গত মঙ্গলবার রাতে ইন্টার্ন চিকিৎসক এবং ছাত্রাবাসে হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তাজওয়ার রহমান বলেন, ‘মামলার আসামিদের গ্রেপ্তার, উশৃঙ্খল শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, ইন্টার্ন ডক্টরস হোস্টেল এবং কর্মস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য বন্ধ এবং বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে।’

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকায় চমেকের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আমরা আশা করছি তারা কাজে যোগদান করবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়