ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩ জুলাই ২০২১  
খুলনার প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ আর নেই

খুলনার সাংবাদিকদের ‘গুরু’ বলে খ্যাত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ আর নেই।

তিনি শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ৩ টায় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বসুন্ধরা আবা‌সিক এলাকার বড় জামে মসজিদে বাদ জোহর জানাজা শে‌ষে মরহুমকে দাফন করা হ‌বে।

শাহাবুদ্দিন আহমেদ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে নিখুঁত সংবাদ পরিবেশনে খুলনার সাংবাদিক অঙ্গনে ব্যতিক্রম উদাহরণ। বানান ও বাক্য গঠনে তিনি যত্নবান ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিতর্কের উর্ধ্বে থাকায় ২০০৮ সালে সাদা মনের মানুষ হিসেবে জেলা প্রশাসন থেকে স্বীকৃতি প্রাপ্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাবু‌দ্দিন আহমদ ১৯৩৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঢাকার মানিকগঞ্জে তার পৈত্রিক ভিটে। বাবার চাকরির সুবাদে খুলনাসহ বিভিন্ন স্থানে লেখাপড়া করেছেন। সর্বশেষ তিনি খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজে লেখাপড়া করেন। ১৯৬২ সালে শরীফ কমিশন রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। শিক্ষা জীবন শেষে তৎকালীন রূপসা থানার বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফাতিমা উচ্চ বিদ্যালয় এবং চালনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষকতা করেন।  

শাহাবু‌দ্দিন আহমেদ ১৯৬৫ সালে খুলনার স্থানীয় ওয়েভ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। ৪৪ বছরের পেশাগত জীবনে সাপ্তাহিক হলিডে, বাংলাদেশ টাইমস, দি ডেইলি টেলিগ্রাফ, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস ও দি ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকায় কর্মরত ছিলেন। ১৯৭০-৭১ সালে করাচীর প্রভাবশালী দৈনিক ডন পত্রিকার খুলনা প্রতিনিধি ছিলেন। ইনডিপেনডেন্ট-এ পত্রিকায় ১৩ বছর দায়িত্ব পালন শেষে বার্ধক্যজনিত কারণে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর সাংবাদিকতা থেকে অবসর নেন।

তিনি ১৯৮০, ১৯৮২ ও ১৯৮৪ সালে অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ১৯৮৫-৮৬, ১৯৯২-৯৩, ১৯৯৫-৯৬, ১৯৯৯-২০০০ সালে খুলনা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।  

তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের আপদকালীন সাহায্যের জন্য কল্যাণ তহবিল গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। চিরকুমার এই সাংবাদিক শেষ জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ঢাকার বসুন্ধরায় এক নিকটাত্মীয়ের বাসায় অবসর জীবন যাপন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খুলনা/নূরুজ্জামান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়