ব্রহ্মপুত্রে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বাঘাইড়
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রোববার (৩১ অক্টোবর) সকালে জেলে মাইদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।
পরে যাত্রাপুর ঘাট এলাকায় নিয়ে যাওয়া হয় মাছটি। সেখানে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী সুমন মিয়া ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০টাকায় মাছটি কিনে নেন।
কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন সুমন মিয়া।
জেলে মাইদুল ইসলাম জানান, এতো বড় মাছ জালে ধরা পড়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার।
স্থানীয়রা জানান, রোববার সকালে যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। এসময় তার জালে ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী সুমন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদা অনেক বেশি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি। নদীতে বড় মাছ রয়েছে এটা আমাদের জন্যও খুশির খবর।
বাদশাহ/মাসুদ