ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরী আর নেই

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:০৮, ৩০ জানুয়ারি ২০২২
সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরী আর নেই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ চৌধুরী আর নেই। 

শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২ টা ২০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ভাই, বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বজনরা দেশের বাইরে থাকায় জানাজার সময় চূড়ান্ত করা হয়নি।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪২ সালের ১৭ জুলাই গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। শিক্ষা জীবনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সক্রিয় ছাত্র রাজনীতি করেন। আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদের মতো জাতীয় নেতারা ছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধা। 

ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইকবাল আহমদ চৌধুরী ২০০৪ সালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। এরপর আমৃত্যু সে দায়িত্ব পালন করে গেছেন। তিনি স্কাউটসে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রৌপ্যপদক লাভ করেন।

নূর আহমদ/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়