জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মা-ছেলে নিহত, মেয়ে আহত
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের জামালগঞ্জে গোসল করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝুমা রাণী সরকার (৩২) ও তার ছেলে দ্বীপ সরকার (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় পূজা সরকার (৬) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঝুমা রাণী সরকার একই এলাকার দেবজ্যোতি সরকারের স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ঝুমা সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসল করতে যান। বাসা থেকে কিছুটা দূরে যেতেই পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে একটি তার ছিড়ে তাদের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঝুমা রাণী ও তার ছেলে স্বীপ সরকার মারা যান। এ সময় গুরুতর আহত হন ঝুমা রাণীর মেয়ে পূজা সরকার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি মীর মোহাম্মদ আব্দুন নাছের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আল আমিন/ মাসুদ