ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ ঘণ্টা পর সচল দৌলতদিয়ার ২ ফেরিঘাট

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২০ মে ২০২২   আপডেট: ১৯:১৪, ২০ মে ২০২২
১৬ ঘণ্টা পর সচল দৌলতদিয়ার ২ ফেরিঘাট

প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট। পানি বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই নৌপথের দৌলতদিয়া প্রান্তের দুটি ঘাটের পন্টুন ও র‍্যাম্পে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় ঘাট দুটি। 

শুক্রবার (২০ মে) বিআইডাব্লিউটিএ-এর সার্ভেয়ার পাপ্পু কুমার বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় পানির নিম্ন স্তরে থাকা ফেরি ঘাটের পন্টুন ও র‍্যাম্পে পানি উঠে যায়। ফেরিতে যানবাহন ওঠানামার সময় দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় ৪ ও ৫ নম্বর ঘাট। ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টা নাগাদ খুলে দেওয়া হয় ঘাটগুলো। 

বিআইডাব্লিউটিএ-এর সার্ভেয়ার পাপ্পু কুমার জানান, ঘাটের পন্টুন ও র‍্যাম্প পানির নিম্ন স্তরের থাকায় পানি উঠে যায়। ফলে ৪ ও ৫ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। র‍্যাকারের সাহায্যে ঘাটগুলো পানির মধ্যম স্তরে ওঠানো হয়েছে। ঘাটগুলো এখন ব্যবহারের উপযোগী। এই দুটি ঘাট বাদেও বাকি ঘাটগুলোও পানির নিম্ন স্তর থেকে মধ্যম স্তরে তোলা হয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ১৮টি ফেরি চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে। গত রাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাট বন্ধ ছিল। বিকাল নাগাদ বিআইডাব্লিউটিএ থেকে ঘাট দুটি মেরামত করা হয়েছে। এখন এই দুটি ঘাটেও ফেরি ভিড়ছে।

এদিকে ঘাট দুটি বন্ধ থাকায় দৌলতদিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

সুকান্ত বিশ্বাস/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়