‘দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, উন্নয়নের প্লাটফর্ম তৈরি করেছেন এরশাদ’
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের প্লাটফর্ম তৈরি করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশার। সেই প্লাটফর্মের ভিত্তিতেই আজকে দেশের উন্নয়ন হচ্ছে।’
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুশাসন দিতে ব্যার্থ হয়েছে। দেশে সুশাসন ফিরিয়ে আনতে হবে। আর সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। আমার নেতা পল্লীবন্ধু এরশাদ এই দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের স্বার্থে তিনি কখনো কোনো কম্প্রোমাইজ করেননি। বীর যোদ্ধার মতো তিনি দেশের সেবা করে গেছেন। তার আট বছরের শাসনামলে বাংলাদেশের সীমান্তে বর্ডার ক্লিনিং হয়নি। কোনো রোহিঙ্গার ঘটনা ঘটেনি। মসজিদ, মন্দিরের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল তিনিই বাতিল করেছিলেন। তিনি দেশের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। এক কলমের খোঁচায় ১৩ জেলা থেকে ৬৪ জেলা করেছেন। উপজেলা পরিষদ তৈরি করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘এরশাদ দেশে সুশাসন দিতে পেরেছিলেন। তার সময়ে দেশের মানুষ সুখে ছিল।’
শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম-সম্পাদক কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাতয় পার্টির নেতা হাসান কবির তোতা প্রমুখ।
পরে মতিয়ার রহমান ডাকুয়াকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন শামীম পাটোয়ারী।
সুদীপ্ত/ মাসুদ