বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার নাম না জানা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মিরাজ (১৫) নামের এক কিশোর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘাটনার পরপরই ঘাতক বাসটির চালককে আটক করেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের মূলগাও নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও নামক স্থানে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাম না জানা অটোরিকশা যাত্রী মারা যান। এ ঘটনায় মিরাজ নামে এক কিশোর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতলে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
তিনি আরো বলেন, ঘটনার পর ঘাতক এনা পরিবহনের বাসটি ও চালককে স্থানীয়রা আটক করেন। তবে বাসটির হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের লাশও থানা হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রফিক/ মাসুদ