ঝড়ে ট্রলার ডুবি: এখনো খোঁজ মেলেনি বরসহ ৪ যাত্রীর
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীর ট্রলার ডুবির একদিন পরও বর বাব্বিসহ ৪ যাত্রীর খোঁজ মেলেনি।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এদিকে নিখোঁজের পরিবারের চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় বর রাব্বী (২৫), তার মা সেলিনা বেগম (৪৫), ফুফু লিপি বেগম (২৮), ফুফাতো বোন খাদিজা (৭) ও ফুফাতো বোন মারিয়া (৮)।
পরে স্থানীয় জেলেরা ফুফু লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে।
দশমিনা ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, আমরা ট্রলারটির সন্ধান পেয়েছি। নিখোঁজদের উদ্ধারে আমাদের অভিযান চলছে।
ইমরান/টিপু
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী