ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২০ জুলাই ২০২৩   আপডেট: ১২:১০, ২০ জুলাই ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

 বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কর্নকাঠির আনন্দবাজার এলাকায় ব্যক্তি মালিকানাধীন মোল্লা ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই ছাত্রীর নাম শাহরিন রিভানা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। পিরোজপুর জেলার সোহাগদল এলাকার বাসিন্দা আলতাফ মাসুম ইসলাম শাহীনের মেয়ে তিনি।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম জানান, গত ১৬ জুলাই পরীক্ষায় অংশ নেন রিভানা। এরপর থেকে রিভানার খোঁজ পাচ্ছিলো না পরিবার। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে রিভানার মাসহ স্বজনরা তার সন্ধানে ওই ছাত্রী নিবাসে আসেন। রিভানার কক্ষটির দরজা বন্ধ দেখতে পান তারা। ওই ছাত্রী নিবাসের মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, রিভানা প্রায়ই মোবাইল ফোন বন্ধ রাখতো। দুই দিন আগে ফোনে কথা হয়েছিল। তখন তাকে বরিশালে ডাক্তার দেখাতে আসার কথা বলেছিলাম। ফোন বন্ধ পেয়ে বুধবার হোস্টেলে এসে দেখি রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাইনি। পরে বাসার মালিককে ডেকে এনে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি রিভানা ঝুলে আছে।

স্বজনরা জানান, রিভানা রুমে একা থাকায় ডিপ্রেশনে ভুগতেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন।

এদিকে, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, রিভানার শরীর ফুলে উঠেছে, কিছুটা পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক সময় ও কারণ জানা যাবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে যেটুকু জেনেছি ওই কক্ষে ছাত্রী একাই থাকতেন। কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সোমবারের দিকে এ ঘটনা ঘটতে পারে। 

জে. খান স্বপন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়