ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ৭

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৩ জুলাই ২০২৩   আপডেট: ১১:৫০, ২৩ জুলাই ২০২৩
জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জহরুল হক (৫৮) নামে একজন সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহরুল হক ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য রাতেই ৭ জনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়খালী  ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন জহরুল হক। তার স্থানীয় বাজারে একটি গার্মেন্টসের ব্যবসা আছে।

নিহতের ভাতিজা কায়সার আহমেদ জানান, তার চাচা জহরুল হক ব্যবসার কাজ সেরে প্রতিদিন রাত ৯টার মধ্যেই বাসায় ফিরতেন। গত রাতে ১১টার দিকেও বাড়িতে না ফিরলে তাকে বিষয়টি জানানো হয়। পরে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে খবর আসে তার চাচার বাড়ি থেকে আধা কিলোমটার আগে ফুলজোড় মধ্যপাড়া নামক এলাকায় রমজান আলী ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন এলাকায় তিনি খুন হয়েছেন। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে খুন হওয়া ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পেট ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সেলিম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়