আবাসিক হোটেলে মিললো ব্যবসায়ী লাশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে মো. রানা মিয়া ওরফে শাকিল (২১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) ভোরের দিকে নগরীর পোর্ট রোডের হোটেল সী প্যালেস নামের হোটেলটির কক্ষ থেকে লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মারা যাওয়া শাকিল নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির মো. বাছেদ মিয়ার ছেলে। তিনি লটকন ব্যবসায়ী ছিলেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই সুমন বলেন, নরসিংদী থেকে লটকন নিয়ে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন শাকিল। গত ২৪ জুলাই থেকে তিনি পোর্ট রোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে ছিলেন। আজ সকালে খবর পেয়ে হোটেলটিতে গিয়ে কক্ষের দরজা ভেঙে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসআই সুমন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। মৃত্যু কারণ আরো নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে।
পোর্ট রোডের ভুইয়া বানিজ্যলয়ের শ্রমিক মো. আসলাম জানান, তার মামা জামাল ফোন করেছিলেন শাকিলকে। কিন্তু শাকিল ফোন ধরেননি। তাই মামা ফোন করে শাকিলের খবর নিতে বলেন। হোটেলে গিয়ে কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন তিনি। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আসলাম।
স্বপন/ মাসুদ