নৌকায় ভোট চাওয়া দেওয়ানগঞ্জের সেই ওসিকে প্রত্যাহার
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ওসি শ্যামল চন্দ্র ধর
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে নৌকা মার্কায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, রাষ্ট্রীয় কাজেই তাকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ‘ছাত্রলীগ করে এখানে এসেছি, নৌকার জন্য ভোট চেয়েছি’
ওসির বক্তব্যের ভিডিও ভাইরালের কারণে বদলি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন কারণেই বদলি হতে পারে। রাষ্ট্রীয় প্রয়োজনে তাকে বদলি করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে এক আলোচনা সভায় বক্তব্য দেন ওসি শ্যামল চন্দ্র ধর।
তিনি বলেন, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে দলের কাজ করে যাবেন যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয় করতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য।
সেদিন তার দেওয়া বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
সেলিম/ইভা