বগুড়ায় কলাবাগানে মিলল ব্যবসায়ীর লাশ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শিবগঞ্জের একটি কলাবাগান থেকে সাইদুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাগানটি থেকে লাশ উদ্ধার হয়।
মারা যাওয়া সাইদুল চকপাড়া উত্তর পাড়া গ্রামের তবিবব রহমানের ছেলে। তিনি পেশায় ছিলেন গরু ব্যবসায়ী।
মারা যাওয়া ব্যবসায়ীর ছোট ভাই শাহিন মিয়া বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বড় ভাই সাইদুল কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে তার সন্ধানে আমরা অনেক খোঁজাখুঁজি করি। অনেকবার তার মোবাইল ফোনে কল করেছি কিন্তু ফোন রিসিভ হয়নি। সকালে জানতে পারি, সাইদুলের লাশ তার শ্বশুর বাড়ি সংলগ্ন কলাবাগানে পড়ে আছে।
সাইদুলের অপর ছোট ভাই স্বাধীন মিয়া জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন সাইদুল। বিয়ের ৬ মাস পর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল জমিটি কিনতে চান। এক পর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু মোত্তালেব আজ অবধি জমির দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হতো। আজ বৃহস্পতিবার ওই জমি সম্পাদনের দিন ধার্য ছিল। চলতি আগস্ট মাসের ১৩ তারিখে ভাবি নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ দেন। আমার ধারণা ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনই তাকে হত্যা করেছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং ধরতে অভিযান চলছে।
এনাম/ মাসুদ