পূর্বাচলে অটোরিকশায় রেডিমিক্স ট্রাকের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে রেডিমিক্স ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে দুর্ঘটনাটি ঘটে বলে জানান পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, “আজ দুপুরে দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১১-৩৫৯২) কাঞ্চন যাচ্ছিল। পূর্বাচল ৩০০ ফিট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে দ্রুতগতির রেডিমিক্স ট্রাক (ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী আরোবি আক্তার (৩২) ও খাইরুল ইসলাম (৩৫) মারা যান। আহত হর অটোরিকশাটির চালকসহ চারজন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় পুলিশ রেডিমিক্স ট্রাকটির চালক ফকরুল ইসলাম ও হেলপার সাহেদুল ইসলামকে আটক করেছে। জব্দ করা হয়েছে ট্রাকটিকে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ