কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধিৎ || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত টুঙ্গীপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা ও টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ (৫৫) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা ও বাসের সুপারভাইজার আরিফ হোসেন (৪০)।
এএসআই সাহদৎ হোসেন বলেন, “খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। হিরণ্যকান্দি এলাকার সাম্পান রেস্টুরেন্টে প্রবেশ করতে থাকা সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে গাছে ধাক্কা দেয় বাসটি। এসময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হন।”
তিনি আরো বলেন, “স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।”
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত সাহা বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। হাসাপাতালে আনার আগেই দুইজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঢাকা/বাদল/মাসুদ