ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৫৩, ২৫ আগস্ট ২০২৫
খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

সম্মেলনে বক্তব্য রাখছেন বরকতউল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘‘১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে পালিয়ে যেতে বলেন। তখন বেগম খালেদা জিয়া ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী খালেদা জিয়াকে সেখান থেকে খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে। তাই বলা যায়, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’’

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে আয়োজিত আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘গত ১৭ বছর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এমন কোনো নেতা নেই যে মামলা খায়নি। কিন্তু এখন অনেকে বলছে, জুলাই-আন্দোলন ৩৬ দিনের ফল। আমি বলব, এটা ভুল। কারণ মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়নি। বিএনপি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে গিয়েছিল।’’

তিনি বলেন, ‘‘বৈষম্যবিরোধী বা এনসিপির কেউ কোনো জায়গা থেকে টাকা নিলে সেটাকে বলা হচ্ছে, ডোনেশন। কেউ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা দখল করে সেটাকে বলা হচ্ছে, পুনরুদ্ধার। আর বিএনপি ১০ টাকা নিলেও সেটা হয়ে যায় চাঁদা। বিএনপির ক্ষতি করার জন্য বিভিন্ন মিডিয়াও কাজ করছে।’’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘‘নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো উন্নয়ন হবে না। দেশ কোনো ঋণ পাবে না। নির্বাচিত সরকার আসলে কেবল ঋণগুলো শোধ করা যাবে।’’

তিনি আরো বলেন, ‘‘কিছু ধর্ম ব্যবসায়ী পিআরের জন্য মাঠে নেমেছে। যে পিআরের কোনো অস্তিত্ব কোথাও নেই। এখন অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলে, ইতিহাস পাল্টে দেওয়ার কথা বলে। তাদের জোরালোভাবে বলতে চাই, কেউ বাংলাদেশের ইতিহাস পাল্টাতে চাইলেই পারবে না।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়