হাতিয়ায় হান্নান মাসউদের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগিরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তার তিন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার তালতলা বাজারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছানের নেতৃত্বে হামলা হয় এমন অভিযোগ করেন এনসিপি নেতারা।
এনসিপির হাতিয়া উপজেলা সভাপতি শামছল তিব্রিজ জানান, শুক্রবার তালতলা বাজারে শাপলা কলির একটি নির্বাচনি অফিস দেওয়া হলে তা ভেঙে দেয় বিএনপির লোকজন। শাপলা কলির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি প্রার্থীর সমর্থক আহমেদ হোসেন হাছানের নেতৃত্বে ইটপাটকেল নিক্ষেপ করে গুপ্ত হামলা চালানো হয়। এতে এনসিপির তিনজন আহত হন।
এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী মাহাবুবের রহমান শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে কাউকে পায়নি। তিনি হান্নান মাসউদর বরাত দিয়ে জানান, তালতলায় যাওয়ার সময় অন্ধকার থেকে কে বা কারা ঢিল ছুড়েছে তারা কেউ দেখতে পাননি।
ঢাকা/সুজন/মাসুদ