আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, যশোর ও খুলনা || রাইজিংবিডি.কম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো
আজ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহরে নির্বাচনি প্রচারাভিযানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজসংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের সফরের বিস্তারিত তুলে ধরেন।
খুলনায় বিএনপির নির্বাচনি জনসভায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বন্ধ মিল-কলকারখানা চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ‘গ্রিন ও ক্লিন খুলনা’ গড়ার প্রতিশ্রুতি তার বক্তব্যে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খুলনায় গ্যাস সংযোগ না থাকা, শিল্পকারখানা বন্ধ এবং উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাব দীর্ঘদিনের সমস্যা। এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হবে জনসভায়। জনসভায় বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি যশোরে আসছেন। তার সঙ্গে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই সাত জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে সেক্ষেত্রে দলের কর্ম পরিকল্পনা অর্থাৎ দেশ ও জাতি এবং সমাজের সকল শ্রেণির পেশার মানুষের জন্য বিএনপির ভাবনা গুলো তুলে ধরবেন।”
তিনি বলেন, “তারেক রহমানের কাছে যশোরবাসীর প্রত্যাশার কথাটি জেলা বিএনপির মাধ্যমে লিখিতভাবে জানানো হবে। আমাদের যে তালিকা আছে তারমধ্যে প্রথমেই ভবদহ সমস্যার কথা বলা আছে। কৃষি প্রধান এলাকা যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় এবং হিমাগারের বিষয়টি আমাদের তালিকার মধ্যে রয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/রিটন/ইভা