কুষ্টিয়ায় ভোটের মাঠে প্রস্তুত পুলিশ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
জেলার চারটি আসনের মোট ৫৯৯টি ভোটকেন্দ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উল্লেখযোগ্য অংশ বডিঅন ক্যামেরা ব্যবহার করবেন।
জেলা পুলিশ জানায়, ভোটের দিন কোনো কেন্দ্রের পরিবেশ নষ্ট করার সুযোগ রাখা হবে না। বিশেষ করে সীমান্তঘেঁষা এলাকা ও চরবেষ্টিত দুর্গম ইউনিয়নগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ মনে করে সেখানে অতিরিক্ত বাহিনী, বিশেষ টিম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
কুষ্টিয়া জেলার দৌলতপুরসহ দীর্ঘ ভারতীয় সীমান্তজুড়ে চারটি স্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রতিদিন তল্লাশি চালানো হচ্ছে। যাতে সীমান্ত দিয়ে কোনো অস্ত্র বা সন্ত্রাসী নির্বাচনি এলাকায় ঢুকতে না পারে। সীমান্ত এলাকার ৫১টি ভোট কেন্দ্রে পুলিশ ও বিজিবির সমন্বিত টহল এবং বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত অপরাধী ও চরমপন্থীদের গতিবিধি নজরদারিতে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো। অস্ত্রধারীদের সম্পর্কে তথ্য পাওয়া মাত্র অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হচ্ছে। সম্প্রতি এক চরমপন্থীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
দুর্গম চরাঞ্চল চর সাদিপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রকে ‘সংবেদনশীল’ ধরে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে থাকবে পুলিশের স্পেশাল টিম, যারা যে কোনো ধরনের নাশকতা বা পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, কারা নির্বাচনে ‘থ্রেট’ হতে পারে তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে, আর কেউ পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরো জানান, প্রত্যেক ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ফুটেজ এবং মাঠের পুলিশ সদস্যদের বডিঅন ক্যামেরার ছবি সরাসরি কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। কোথাও প্রভাব বিস্তারের চেষ্টা বা সহিংসতার আভাস পেলেই নিকটবর্তী বাহিনী দ্রুত অ্যাকশনে যাবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তার ভাষায়, এবারের নির্বাচনে কুষ্টিয়া জেলা পুলিশ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে এবং ভোটারদের সামনে একটি আস্থার পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।
ঢাকা/কাঞ্চন/ফিরোজ