সারজিসের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছিঁড়ে ফেলা একটি ব্যানার
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনি ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সারজিস তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোড়ানো ব্যানারের ছবি পোস্ট করে লিখেছেন, “যারা রাজনৈতিক নোংরামির দৃষ্টান্ত হিসেবে এসব করছেন নিশ্চয় আল্লাহ এর জন্য আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন। জালিমদের পতন এবার হবেই ইনশাআল্লাহ।”
এদিকে বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ও তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় মঙ্গলবার রাতে শাপলা কলির শতাধিক ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে সারজিস বলেন, “আমার তো অতো টাকা নেই নতুন করে ব্যানার করবো। যারা এই নোংরামি করেছে তাদের বিচার আল্লাহ করবেন। এখন হুমকি ধামকির দিন নেই। একটা হুমকি দিলে ১০ টা ভোট কমবে।”
তিনি বলেন, “আমাদের লড়াই নেতাগিরি করার জন্য নয়, ইনসাফের জন্য। আমাদের এ লড়াই কোটিপতি হওয়ার জন্য নয়, শ্রমিকের সন্তানকে শ্রমিক করে রেখে নিজের সন্তানকে লন্ডনে পড়ানোর জন্য নয়, আমাদের লড়াই মজলুমের জন্য ইনসাফের জন্য এবং সেবক হিসেবে কাজ করার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
ঢাকা/নাঈম/ফিরোজ