ঢামেক থেকে নিখোঁজ শিশু উদ্ধার
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শিশু কাজী ফুজাইল
মামার সঙ্গে রোগী দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র্যাব।
রবিবার (২২ মার্চ) দুপুরে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকায় থেকে কাজী ফুজাইলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত এক যুবককেও আটক করা হয়েছে।”
এর আগে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মামার সঙ্গে রোগী দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছিল পরিবার।
শিশুটির মামা নাজমুল হাসান আরিফ জানান, বিকেলে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থানকালে হঠাৎ করেই তার ভাগিনা ফুজাইল নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুটির বাবা কাজি মাঝহারুল ইসলাম জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল।
তিনি আরো জানান, রাত ৯টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে বলা হয়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফিরে পেতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে হবে।
শিশুটির বাড়ি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা নামাপাড়া এলাকায়।
ঢাকা/বুলবুল/ইভা