ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান-লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১২, ২২ মার্চ ২০২৬
ইরান-লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতি

রবিবার (২২ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ক্ষয়ক্ষতির দৃশ্য

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ঘণ্টাখানেক আগে জানায়, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই মধ্য ইসরায়েলে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরো পড়ুন:

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের একটি দ্বিতীয় ঢেউ শনাক্ত করেছে। গত এক ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় হামলা।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমাণ্ডের তথ্যমতে, প্রথম দফার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি আঘাতের খবরের পর উদ্ধারকারী দল মধ্য ইসরায়েলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ রিপোর্ট করেছে, হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে নতুন করে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কাজ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মাকিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ইরান যখন ক্রমাগত প্রাণঘাতী বিমান হামলার শিকার হচ্ছে, তখন তেহরানের কাছ থেকে সংযম আশা করা অর্থহীন। তিনি জানান, যারা আগে আক্রমণ শুরু করেছে, তাদের আগে থামতে হবে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হেনেছে, যার ফলে ক্ষয়ক্ষতি এবং একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলায় ৩০৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর, ২৯ জনের অবস্থা মাঝারি এবং ২৫৬ জনের অবস্থা ভালো। ২০ জনকে উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের বিভিন্ন শহরে বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রয়েছে এবং হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, অন্তত ১০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

অন্যদিকে, লেবাননের কৌশলগত শহর খিয়াম এবং তৈয়েবা এলাকায় ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা রাতভর ইসরায়েলি অবস্থানে অন্তত ১২টি হামলা চালিয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়