নির্বাচক কমিটি হচ্ছে চার সদস্যের!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি চার সদস্যের করার সুপারিশ করা হয়েছে। নির্বাচক নিয়োগের যে কমিটি করা হয়েছে তারা বোর্ডে এই সুপারিশ করেছে। আগামী বোর্ড সভায় এই সুপারিশ পাশ করানো হবে এবং যতুটুক জানা গেছে, চতুর্থ নির্বাচক নিয়োগও চূড়ান্ত করেছে কমিটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারিতে। নতুন নির্বাচক খুঁজে পেতে বিসিবি পহেলা মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তিতে দুজন নতুন নির্বাচক নেওয়ার কথা জানায় বিসিবি। গাজী আশরাফ সরে যাওয়ার পর হাসিবুল হোসেন শান্ত ছিলেন একা। তিন সদস্যর নির্বাচক প্যানেল চাইছিল বোর্ড। এজন্য দুজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিসিবির ওই বিজ্ঞপ্তির পর একাধিক প্রার্থী আবেদন করে এবং নির্বাচক নিয়োগ কমিটি তাদের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া চলার সময় কমিটির অনুভব করে, নির্বাচক কমিটি চারজনের হলে গোছানো ও সুন্দরভাবে কাজ সম্পাদন করা সম্ভব।
জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ (ওয়ানডে ও লঙ্গার ভার্সন), বিপিএল এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার দল নিয়ে কাজ করেন নির্বাচকরা। সব মিলিয়ে ১৮০-২০০ ক্রিকেটারকে নিয়ে কাজ করতে হয় নির্বাচকদের। দিন দিন তাদের ব্যস্ততা বাড়ছে। এ কারণে নির্বাচক কমিটিতে বাড়তি একজনের প্রয়োজনীয়তা অনুভব করছে কমিটি।
নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনসহ বিসিবির আরও দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক। নিয়োগের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়াও ঠিক করে দিয়েছে বিসিবি। যেখানে উল্লেখযোগ্য শর্ত হলো, সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে বা লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, মাসিক প্রায় ৪ লাখ টাকা পারিশ্রমিকে প্রধান নির্বাচক পদে দায়িত্ব পেতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। যিনি এর আগে দুই দফায় নির্বাচক পদে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে যুক্ত হচ্ছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। তিন নতুন নির্বাচকের সঙ্গে কাজ করবেন হাসিবুল হোসেন শান্ত।
নিয়োগ প্রাপ্ত নির্বাচকদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবে বিসিবি। এরপর পারফরম্যান্সের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেট চলাকালীন মাঠে গিয়ে খেলা দেখার শর্তও এবার জুড়ে দেওয়া হয়েছে।
ঢাকা/ইয়াসিন