ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটে আসছে ‘ইউরো নেশনস কাপ’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৪, ২১ মার্চ ২০২৬
ক্রিকেটে আসছে ‘ইউরো নেশনস কাপ’

এশিয়া কাপের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার ইউরোপের দেশগুলোকেও নিয়ে বড় এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। সব ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই শুরু হতে পারে ‘ইউরো নেশনস কাপ’। ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে এই নতুন টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রস্তাবিত এই টুর্নামেন্টটি অনেকটা এশিয়া কাপের আদলে আয়োজন করা হবে। এতে ইউরোপের শীর্ষ ও উদীয়মান দলগুলো অংশ নিতে পারে। সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি।  

পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও একই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার সম্ভাবনাই বেশি।

আয়ারল্যান্ড বোর্ডের চেয়ারম্যান ব্রাইন ম্যাকনিস বলেছেন, ‘‘অনেকদিন ধরেই বিভিন্ন অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এটি এমন একটি উদ্যোগ, যার প্রতি আমি গভীরভাবে আগ্রহী এবং বিশ্বাস করি এটা আয়োজন করা সম্ভব। আলোচনাগুলো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, টুর্নামেন্ট বাস্তবায়ন নিয়ে আমি আরও আত্মবিশ্বাসী।’’

আগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন বা অংশগ্রহণে খুব একটা আগ্রহ দেখায়নি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘদিন ধরেই তারা নিজেদের প্রতিষ্ঠিত ক্রিকেট কাঠামো ও দ্বিপাক্ষিক সিরিজকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে ইউরোপকেন্দ্রিক বহুজাতিক টুর্নামেন্ট নিয়ে।

এই মনোভাব পরিবর্তনের পেছনে বড় একটি কারণ সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে স্কটল্যান্ড ও ইতালির মতো তুলনামূলক ছোট দলগুলোর চমকপ্রদ পারফরম্যান্স অনেককেই অবাক করেছে। শুধু প্রতিদ্বন্দ্বিতা করাই নয়, বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার মানসিকতা এবং দক্ষতা দেখিয়ে তারা প্রমাণ করেছে যে, সুযোগ পেলে ইউরোপের উদীয়মান দলগুলোও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম।

এই বাস্তবতা ইংল্যান্ডসহ ইউরোপের বড় ক্রিকেট সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দীর্ঘদিন ধরেই ইউরোপে ক্রিকেটের বিস্তার বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। ফুটবলপ্রধান এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে হলে নিয়মিত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই—এমন উপলব্ধি এখন আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এই টুর্নামেন্ট বাস্তবায়িত হলে তা ইউরোপে ক্রিকেটের উন্নয়নে মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট ও উদীয়মান দলগুলোর জন্য এটি হবে নিজেদের প্রতিভা তুলে ধরার একটি বড় মঞ্চ। নিয়মিত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পেলে তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস—সবই বাড়বে।

একই সঙ্গে এই টুর্নামেন্ট নতুন দর্শক ও বাজার তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপের বিভিন্ন দেশে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়লে স্পনসরশিপ, সম্প্রচার এবং অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে। সব মিলিয়ে, এই উদ্যোগ শুধু একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকবে না; বরং ইউরোপে ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়