ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২০ মার্চ ২০২৬   আপডেট: ২০:০৬, ২০ মার্চ ২০২৬
ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন?

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। যে তালিকায় অন্য সবার মতো আছেন ক্রিকেট মাঠের তারকারাও। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ঈদ ‍উদযাপনে এবার বেশিরভাগ ক্রিকেটারই ছুটে গেছেন পরিবারের কাছে। পরিবার পরিজন নিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। আনন্দ, উল্লাসে কাটাবেন সারাবেলা। 

আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে অনেক সময়ই ক্রিকেটারদের পরিবার, প্রিয়জনদের ছেড়ে ঈদ করতে হয়। কখনো দেশে আবার কখনো দেশের বাইরেও ঈদ পালন করেছেন ক্রিকেটাররা। তবে এবার তেমন ব্যস্ততা নেই।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটাররা পেয়েছেন ছুটি। গত ১৫ মার্চ ক্রিকেটাররা শেষ ওয়ানডে খেলেছেন। তাইতো আগেভাগেই তাদের ঈদ শুরু হয়ে যায়। তাদের আনন্দ দ্বিগুন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) । 

বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেয়েছেন ক্রিকেটাররা। উপহার পেয়েছেন তাদের স্ত্রীরাও। গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের নামে বিশেষ গিফট প্যাক পাঠানো হয়েছে। এ ছাড়া গত এক বছরের কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করতে গিয়েছেন রাজশাহীতে। সিরিজ শেষ হওয়ার পরদিনই রাজশাহীতে ছুটে যান তিনি। মেহেদী হাসান মিরাজ সিরিজ শেষ হওয়ার পর উমরাহ পালনে সৌদি আরব গিয়েছেন। ঈদ সেখানেই পালন করেছেন তিনি। 

মুশফিকুর রহিম বগুড়ায়, মাহমুদউল্লাহ রিয়াদ ময়মনসিংহ গিয়েছেন ঈদ পালনে। খেলা ছেড়ে সংগঠক হওয়া তামিম ইকবাল রয়েছেন ঢাকাতেই। তাসকিন আহমেদও রয়েছেন ঢাকায়। এছাড়া মোস্তাফিজুর রহমান ছুটে গিয়েছেন সাতক্ষীরাতে। তিন ভাইয়ের সঙ্গে মোস্তাফিজুর ঈদ করবেন সাতক্ষীরাতে।

সিলেটের গর্ব ইবাদত হোসেন, নাসুম আহমেদ ও খালেদ আহমেদরা নিজ নিজ বাড়িতে ঈদ পালন করবেন। এই তিন ক্রিকেটার প্রতিবার পরিবার নিয়েই ঈদ উদযাপন করে থাকেন। এছাড়াও মাহমুদুল হাসান জয় চাঁদপুরে, ইয়াসির আলি চৌধুরী রাব্বি চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।

মোমিনুল হক চট্টগ্রামে, তাওহীদ হৃদয় বগুড়ায়, শরিফুল ইসলাম পঞ্চগড়ে, নাহিদ রানা চাপাইনবাবগঞ্জে, সাইফ উদ্দিন ফেনিতে ঈদ করবেন। কাজী নুরুল হাসান সোহানের ঠিকানা খুলনায়, রিশাদ হোসেন গিয়েছেন নীলফামারিতে। 

ঈদের পরপরই ক্রিকেটাররা ঢাকায় ফিরে আসবেন। ছয় ক্রিকেটার যাবেন পাকিস্তান সুপার লিগ খেলতে। মোস্তাফিজুর, নাহিদ, শরিফুল, পারভেজ, তানজিদ, রিশাদ হোসেন যাবেন পিএসএল খেলতে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়