ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এলাকাবাসীকে গোলাপ উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০০, ২২ মার্চ ২০২৬
এলাকাবাসীকে গোলাপ উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল ফিতরের নামাজ শেষে ব্যতিক্রমী একটি উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবক হাবিব খান (৩৫)। তিনি নামাজের পর ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মুসল্লীদের হাতে লাল গোলাপ তুলে দেন।  

কালীগঞ্জ উপজেলার ৭ নাম্বার ওয়ার্ডের বোয়ালী এলাকায় এমন উদ্যোগ সকলের প্রংশসা কুড়িয়েছে। হাবিব খান ব্যক্তিগত উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লীদের মধ্যে গোলাপ ফুল বিতরণ করার সময় আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ছোট-বড় সবাই হাসিমুখে গ্রহণ করেন ভালোবাসার এই প্রতীক।

আরো পড়ুন:

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক এ প্রসঙ্গে বলেন, ‘‘ঈদের দিনে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। গোলাপ ফুল ভালোবাসা ও সৌহার্দ্যের প্রতীক। এই উপহার আমাদের হৃদয়ে অন্যরকম আনন্দ তৈরি করেছে। সমাজে যদি এমন ইতিবাচক উদ্যোগ আরও বাড়ে, তাহলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও জোরদার হবে।”

‘‘ঈদের নামাজ শেষে সাধারণত আমরা কোলাকুলি করি, শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু ফুল উপহার দেওয়ার মতো এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে দেখিনি। এটি আমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য আরো বাড়িয়ে দিয়েছে। এমন উদ্যোগ প্রশংসনীয়,’’ বলেন আরেক স্থানীয় বাসিন্দা মো. লিটন খান। 

এলাকাবাসী মনে করছেন, বর্তমান সময়ে মানুষের মাঝে দূরত্ব বাড়ছে। সেখানে এ ধরনের ছোট ছোট উদ্যোগ সবাইকে পুনরায় একত্রিত করতে পারে। সবার জন্য কাজটি অনুকরণীয় হতে পারে।

হাবিব খান বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। আমি চেয়েছি একটু ভিন্নভাবে মানুষের মুখে হাসি ফোটাতে। তাই নিজ উদ্যোগে এই গোলাপ ফুল বিতরণ করেছি। সবাইকে ঈদে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। মানুষের ভালোবাসা ও ইতিবাচক সাড়া পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

ঢাকা/রফিক//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়