মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সৈকত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়াকাটা সমুদ্র সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃত জেলিফিশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজারো মৃত জেলিফিশ। গত এক সপ্তাহ ধরে সৈকতের তিন নদীর মোহনা, ঝাউ বাগান, গঙ্গামতি ও চর গঙ্গামতি সৈকতে মৃত জেলিফিশের দেখা মিলছে। প্রাণীটির পঁচা দুর্গন্ধে বিরক্ত পর্যটকসহ স্থানীয়রা।
সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় অনকেটা বেকায়দায় পড়েছেন জেলেরা। অনেকে গত এক সপ্তাহ ধরে বন্ধ রেখেছেন মাছ শিকার। আগামী দুই সপ্তাহের মধ্যে সাগরে জেলিফিশের পরিমাণ কমতে পারে এমনটি জানিয়েছে মৎস্য বিভাগ।
ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটক কবির হোসেন বলেন, “আমরা মঙ্গলবার কুয়াকাটায় এসেছি। এখানকার পরিবেশ বেশ ভালো লেগেছে। পর্যটনের এই স্পটে এসে নতুন এক প্রাণীর সঙ্গে পরিচিত হলাম। দেখেত একেবারে পানির মতো। স্থানীয়রা সবাই প্রাণীটিকে নোনা বলে ডাকছিলেন। তবে এর নাম জেলিফিশ। অনেক বেশি মৃত জেলিফিশ সৈকতে ভেসে আসায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো অপসারণে উদ্যোগ নেওয়া উচিত।”
সমুদ্রের পানিতে ভেসে আসা জেলিফিশ
লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের জেলে আবু হানিফ মিয়া বলেন, “এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশের দেখা মিলছে। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে জেলিফিশ উঠে আসছে। এতে জালের অনেক ক্ষতি হয়। এ প্রাণীটি শরীরে লাগলে চুলকানি শুরু হয়। যে কারণে সমুদ্রে এক সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ রেখেছি।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং কচ্ছপের পরিমাণ কমে আসায় জেলিফিশের সংখ্যা বাড়তে পারে। আরো অনেক কারণ রয়েছে, যে কারণে সমুদ্রে জেলিফিশ বাড়তে পারে। প্রতিবছরের মতো এবছরও কুয়াকাটা সৈকতে প্রচুর পরিমাণে জেলিফিশ ভেসে এসেছে। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে জেলিফিশের সংখ্যা কমে যাবে। তখন জেলেরা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারবেন।”
ঢাকা/ইমরান/মাসুদ