৫ বছর ধরে বন্ধ ভবন নির্মাণ কাজ, ভাড়া বাড়িতে হাইওয়ে থানার কার্যক্রম
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাজ বন্ধ থাকায় ঝোপ-ঝাড় জন্মেছে তুলারামপুর হাইওয়ে থানার নিজস্ব ভবনে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ছোট কয়েকটি রুমের মধ্যে চলছে কার্যক্রম। নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পর প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিস কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকার ভাড়া বাড়িতে হাইওয়ে থানার অবস্থান। যেখানে থানার অফিসার ইনচার্জসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছেন।
এই ভাড়া করা বাড়িতে চলছে হাইওয়ে পুলিশের কার্যক্রম
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তুলরামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ সাহা বলেন, “নির্মাণ শুরু হওয়া ভবনটির চারপাশে নেই কোনো সীমানা প্রাচীর। আশপাশ ঝোপ-জঙ্গলে ভরে রয়েছে। ভাড়া করা ভবনের ছোট ছোট রুমগুলোতে তিন থেকে চারটি করে খাট রাখা হয়েছে। তিনটি বেডে চারজন করে থাকতে হচ্ছে রাতে।”
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “আমরা ২৩ জন সদস্য এখানে কর্মরত আছি। এখানে সদস্যদের থাকতে অনেক সমস্যা হয়। নিজস্ব ভবন পেলে সরকারি কাজে আরো গতি বাড়বে।”
নড়াইল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির ওপর ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু কাজ করে। এরপর তারা বিলের জন্য আবেদন জানায়, সেসময় তাদের কোনো অর্থ দেওয়া হয়নি। যে কারণে প্রতিষ্ঠানটি কাজ করতে অপারগতা জানিয়ে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর ৫ বছর হয়ে গেলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণ কাজ।
তিনি আরো জানান, সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
ঢাকা/শরিফুল/মাসুদ