চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় আসা নেতাকর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সরেজমিনে কলেজ মাঠে গেলে দেখা যায়, জেলা শহরের নবাবগঞ্জ সরকরি কলেজ মাঠে জামায়াতের সমর্থকরা এসে জড়ো হয়েছে। জাময়াতের পক্ষ থেকে বলা হয়, “কেন্দ্রীয় আমিরের এই আগমন তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করছি আজকের এই জনসভায় লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটবে।”
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে জেলায় জামায়াত আমিরের প্রথম কোনো প্রকাশ্য জনসভা। এর আগে তিনি জেলা সফরে এলেও কেবল দলীয় অভ্যন্তরীণ ফোরামে বক্তব্য রেখেছিলেন। ফলে আজকের এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জামায়াত আমিরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তবর্তী এই জেলাটিতে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। কেন্দ্রীয় শীর্ষ নেতার উপস্থিতিতে এই জনসভা নির্বাচনি বৈতরণী পার হতে দলীয় নেতাকর্মীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা/মেহেদী/ফিরোজ