ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। সরকার গঠন করেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী পৌরসভা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বিএনপির ভোটারদের ভয় দেখাচ্ছে অভিযোগ করলেও তাদের নিয়ে খারাপ কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, “এ ধরনের বক্তব্য দেশের মানুষের কোনো কাজে আসে না।”
তিনি বলেন, “সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে উত্তরা ইপিজেড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। শুধু কৃষি নয়, এই অঞ্চলে শিল্পের বিকাশ ঘটাতে হবে।”
বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকার কম কৃষিঋণ মওকুফ করা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, “কৃষকদের জন্য সুলভে সার ও কৃষি উপকরণ নিশ্চিতে কৃষি কার্ড চালু করা হবে।”
দেশ পুনর্গঠনে জনগণের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, “আগামীর রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও সবার সহযোগিতা প্রয়োজন।”
এ সময় নির্বাচনে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা/সিথুন/রাজীব