বিএনপির ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের মৌলিক দাবি পূরণের প্রতিশ্রুতি নেই: ইউপিডিএফ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবর্ত্য চট্টগ্রাম। ইনসেট: ইউপিডিএফ-এর লগো।
বিএনপির নির্বাচনি ইশতেহারকে মন ভোলানো ও চটকদার বুলির সমাহার দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি জানিয়েছে, ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের জনগণের মৌলিক দাবি পূরণের কোনো প্রতিশ্রুতি নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির এ তথ্য জানায়।
বিবৃতিতে ইউপিডিএফ-এর সহ-সভাপতি নূতন কুমার চাকমা বলেন, “আমরা জাতি হিসেবে ভিন্ন ভিন্ন, যেমন বাঙালি, চাকমা, মারমা ত্রিপুরা, গারো, মনিপুরী, সাঁওতাল ইত্যাদি। তবে, নাগরিক হিসেবে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় আমাদের নাগরিকত্বের পরিচয়, জাতীয়তার পরিচয় নয়।” এই সত্য ও বাস্তবতা স্বীকার না করে সংখ্যালঘু জাতিগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির ইশতেহারে উল্লেখিত পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত প্রতিশ্রুতিগুলোকে অন্তসারশূন্য উল্লেখ করে ইউপিডিএফ-এর এই নেতা বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের প্রতিশ্রুতি না থাকার মধ্যে এই ইঙ্গিত স্পষ্ট যে, বিএনপি তার আগের অবস্থান পরিবর্তন করেনি।’
নূতন কুমার চাকমা বলেন, “ইশতেহারে ‘টেকসই শান্তি স্থাপনের’ জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, তা অস্পষ্ট ও মূল সমস্যাকে পাশ কাটানোর চেষ্টা মাত্র।”
ইশতেহারে ‘নৃ-গোষ্ঠী উন্নয়ন অধিদপ্তর’ ও বেসরকারি উদ্যোগে ‘এক্সক্লুসিভ ট্যুরিজম জোন’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি চটকদার বুলি আখ্যা দিয়ে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম সমস্যার কারণ অর্থনৈতিক অনুন্নয়ন নয়। বরং এখানে উন্নয়নকে অধিকারহীন জাতিগুলোকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই অতীতে যেভাবে তথাকথিত পর্যটনের জন্য নিরীহ গ্রামবাসীকে উৎখাত হতে হয়েছে, তাদের ভূমি বেদখল করা হয়েছে, ভবিষ্যতে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন গঠন করা হলে একই ঘটনারই পুনরাবৃত্তি আরো বড় আকারে ঘটবে।”
ঢাকা/শংকর/মাসুদ