বিটিভিতে ভাষণ দিতে ৮ দলের আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের উদ্যোগ নিলেও তাতে সাড়া দেয়নি বেশিরভাগ দল। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৮টি দল বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য আবেদন করেছে।
ইসি সূত্র জানায়, বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য সবার আগে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার জন্য নির্ধারিত সময়সীমা ১০ মিনিট।
এরপর পর্যায়ক্রমে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব দলের ভাষণ প্রচারের সময়সূচি বিটিভির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
ইসি জানিয়েছে, ভোটের আগে প্রচারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। সে অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের কার্যক্রম শেষ করতে হবে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচার সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়। রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, “শনিবার আবেদনের শেষ দিন ছিল। আমরা ৮টি রাজনৈতিক দলের কাছ থেকে আবেদন পেয়েছি। আবেদন গ্রহণের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে বিটিভিকে বলা হয়েছে।”
ঢাকা/এমএসবি/ইভা