এক মাসেও সন্ধান মেলেনি রনজিতের, উদ্বিগ্ন পরিবার
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজ রনজিত রবিদাস।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রাম থেকে নিখোঁজ রনজিত রবিদাসের (৫৮) খোঁজ এক মাসেও মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিবার জানায়, রনজিত রাথুরা গ্রামের অর্জুন রবিদাস ও সরস্বতী রবিদাস দম্পতির ছেলে। গত ১০ জানুয়ারি তিনি বাড়ির সামনে থেকে উধাও হন। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি লুঙ্গি ও সোয়েটার পরিহিত ছিলেন। ঘটনার পরদিন কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–১১১২) করা হয়েছে।
রনজিত রবিদাসের ছেলে মিলন ববি দাস বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাইনি।”
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের দেওয়া তথ্যে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ঢাকা/রফিক/মাসুদ