কুমিল্লায় ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কেন্দ্রে কেন্দ্রে ভোটের সমগ্র পাঠানো হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১১ আসনের ১৭ উপজেলায় ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুরাদনগর ও চৌদ্দগ্রাম উপজেলার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ৫২৮ কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে। আরো ৮৪৮ কেন্দ্রে বসানোর কাজ চলছে।
দেবিদ্বার ও মেঘনা উপজেলায় অতীতে নির্বাচনে সহিংসতা হয়েছে। ২০২১ সালের মেঘনা উপজেলা নির্বাচনে সহিংসতায় দুইজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। দেবিদ্বারে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষণ হয়। এ কারণে এই দুটি উপজেলার বেশিরভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেবিদ্বার উপজেলার ১১৬টি কেন্দ্রের ৭০টি ঝুঁকিপূর্ণ। এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও গণঅধিকার পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। শান্তিপূর্ণ ভোটের জন্য ৯৮ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার সব ১২৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। মুরাদনগর উপজেলার ১৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
নদীবেষ্টিত মেঘনা উপজেলায় ৩৮টি কেন্দ্রে সেনা সদস্যরা টহলে থাকবে। চালিভাঙ্গা ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে পুলিশ, আনসার ও সেনা সদস্য দায়িত্ব পালন করবে।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে অতীতের সহিংসতা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে। জেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক প্রচার শেষ হবে।
ঢাকা/রুবেল/বকুল