শেষ জনসভায় সালাহউদ্দিন
‘আমার জন্ম হয়েছে দেশের উন্নয়নের জন্য’
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে শেষ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘এই জীবন, এই বর্ধিত হায়াত আমি এ দেশের মানুষের সেবায় উৎসর্গ করেছি। আমার জন্ম হয়েছে, এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।’’
তিনি আরো বলেন, ‘‘আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। কিন্তু আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত কবুল করেছেন। আমাকে নতুন জীবন দিয়েছেন।’’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় প্রচারের সময় শেষ হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না।’’
তিনি বলেন, ‘‘বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।’’
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা/তারেকুর/বকুল