বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার পাথরঘাটা পৌর শহরের খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খারাকান্দা এলাকার নিজ বাসার সামনে পার্কিং করা মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়।
মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য সন্ধ্যায় পাথরঘাটা নিজ বাসায় আসেন। বাসার সামনে মোটরসাইকেল পার্কিং করে ঘরে গেলে এই সুযোগে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার করলে আফরোজ ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেল দাউ দাউ করে জ্বলতে দেখেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইমরান/বকুল