ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটের জৈন্তাপুর

জামায়াত নেতার বাড়িতে ভোটের দুই কর্মকর্তা, জৈন্তাপুরে উত্তেজনা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৩:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতার বাড়িতে ভোটের দুই কর্মকর্তা, জৈন্তাপুরে উত্তেজনা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত এই দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে আটকে প্রশাসনকে খবর দেয় স্থায়ীয় লোকজন।

সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কেন্দ্রের পাশের এক জামায়াত নেতার বাড়িতে যাওয়াকে ঘিরে বৃহস্পতিবার গভীর রাতে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সম্পর্কে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ১২টার দিকে কেন্দ্রের দায়িত্বে থাকা দুই কর্মকর্তা পাশের একটি বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাদের আটক করে কেন্দ্রের বাইরে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা বিরাজ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক দুই কর্মকর্তা দাবি করছেন, তারা এলাকায় অবস্থানকালে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তাদের হাতে খাবারের একটি ব্যাগও দেখা যায়। 

তবে স্থানীয়রা প্রশ্ন তোলেন, দায়িত্বে থাকা অবস্থায় কোন নিয়মে তারা ভোটকেন্দ্র ছেড়ে অন্যের বাড়িতে যেতে পারেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের পাশে তাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে স্থানীয়রা তাদের আটক করেন।

ইউএনও আরো বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঢাকা/মোসাইদ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়