ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ালেন এনসিপির আখতার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
মাকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ালেন এনসিপির আখতার

রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মাকে নিয়ে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পায়ে হেঁটে মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। কেন্দ্রটিতে নিজের ভোট না থাকলেও মাকে ভোট দেওয়ান তিনি। এসময় ছেলের বিজয়ের জন্য সবার কাছে দোয়া চান মা রোকেয়া বেগম। 

পরে আখতার হোসেন ভোট কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখেন। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি বলেন, “মাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। মা ভোট দিয়েছেন, এটি অত্যন্ত আবেগ এবং আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি।” 

আরো পড়ুন:

ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের দুর্বলতার কথা বলেন আখতার হোসেন। তিনি জানান, এই পরিবেশ দিনভর পরিলক্ষিত থাকলে সুষ্ঠু ফলাফল নিয়ে একটা শঙ্কা থেকেই যায়। তাই প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা জানান, বুধবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে কিছু অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। নারী কর্মীসহ জাতীয় নাগরিক পার্টির কর্মীদেরও অনেক স্থানে হেনস্থা করা হয়েছে। যা সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে ভাবিয়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি। 

নিজের বিজয়ের বিষয়ে আখতার হোসেন বলেন, “ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তবে এই আসনে ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি প্রতীকের গণজোয়ার উঠেছে। আশা করছি, সুষ্ঠু ফলাফলে ব্যাপক ভোটে বিজয়ী হব।”

এদিকে, সকাল সাড়ে ৭ টা থেকে  রংপুরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তায় তৎপর রয়েছে।

রংপুর-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এই আসনে আখতারের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির মাহবুবার রহমানসহ মোট ৮ জন প্রার্থী।

ঢাকা/আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়