ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীর ভোটকেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীর ভোটকেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড়

নোয়াখালী শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন নারী ভোটাররা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আল ফারুখ স্কুল কেন্দ্রে গিয়েও একই অবস্থা দেখা যায়।

আরো পড়ুন:

অনার্স প্রথম বর্ষের ছাত্রী সামিয়া শামরিন বলেন, “প্রথম ভোট দিচ্ছি। অন্যরকম অনুভূতি কাজ করছে। বাবা- মাও এসেছেন ভোট দিতে। তারা বলছেন, তুমি যাকে যোগ্য মনে কর তাকে ভোট দিও। আমিও আশা করছি, বুথে ঢুকে যোগ্য ব্যক্তিকে ও দেশের জন্য ভালো হয় এমন লোককেই ভোট দেব।” 

তানজিদা নুর নামে এক গৃহীনি বলেন, “খুব সুন্দরভাবে ভোট দিয়েছি। কােনো সমস্যা হয়নি। অতীতে দেখতাম, বুথে ঢোকার সময় বলতো আপনার ভোট হয়ে গেছে। এবার সেটা হয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

নোয়াখালী-২ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১১টি। এর মধ্যে ৭৩টি সাধারণ এবং ৩৮টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। 

নোয়াখালী-৩ আসনে ১৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক। 

নোয়াখালী-৪ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৯৮টি। এর মধ্যে ১৫৬টি সাধারণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। নোয়াখালী-৫ আসনে মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ এবং ৫১টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৭টি সাধারণ এবং ১৭টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন। 

ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন,জাতীয় পার্টি,জেএসডিসহ কয়েকটি দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়