ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বাশেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন।
বৃহঃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম।
নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া কুদ্দুর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
স্থানীয়রা জানান, বাশেদ আলী সকালে ভোট দিতে আসেন। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বের হয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তিনি মারা যান।
তিনি বলেন, “কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন।”
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
ঢাকা/লুমেন/জান্নাত