জুলাই সনদ নিয়ে রাবি ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
সোমবার (১৮ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা চলছে। তবে একটি দেশবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ইতিবাচক ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন, “জুলাই সনদ ও গণভোট নিয়ে শিক্ষার্থীরা যেন অপব্যাখ্যা থেকে দূরে থাকতে পারে, সে লক্ষ্যেই আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। শুধু রাবি নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ সাধারণ মানুষের কাছেও আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে, জুলাই সনদ একটি মীমাংসিত ইস্যু।”
তিনি আরো বলেন, “রাষ্ট্র যখন ৫ আগস্টের পর একটি অসাংবিধানিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটি দিকনির্দেশনামূলক কাঠামোর প্রয়োজন ছিল। সেই প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক সরকার দরকার ছিল। ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি জুলাই সনদকে ধারণ করেই সবার আগে নির্বাচনী ইশতেহারে এটি যুক্ত করেছিল।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “বিএনপি সরকার যেসব কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেছে, সেগুলো বাস্তবায়নে আপনারা সোচ্চার থেকে সহযোগিতা করবেন। জনগণ দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, “যখন জামায়াত ও এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করতে ভয় পেত, তখন বিএনপি রাষ্ট্র কীভাবে এগোবে তা নিয়ে পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপন করেছে।”
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠিত ছয়টি কমিশনের ৬৫০টি সংস্কার প্রস্তাবনার অধিকাংশের সঙ্গেই বিএনপি একমত ছিল।”
তিনি বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও এনসিপি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। কখনো গণভোট, কখনো গণপরিষদ নিয়ে তারা নানা বক্তব্য দিয়েছে। তারা মুখে এক কথা বললেও কার্যক্রমে ভিন্ন অবস্থান নিয়েছে।”
তিনি আরো অভিযোগ করেন, “জামায়াত-এনসিপি একটি মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএনপি জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/ফাহিম/জান্নাত
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন